EARN প্রকল্পের ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) অনুষ্ঠিত
ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন Economic Acceleration and Resilience for NEET (EARN) প্রকল্পের আওতায় ‘বেনিফিশিয়ারি আইডেনটিফিকেশন অ্যান্ড সিলেকশন’ বিষয়ে দিনব্যাপী ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট ২০২৬ জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের ১৯তম তলায় পিএমইউয়ের সম্মেলনকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে EARN প্রকল্পের সামগ্রিক পরিচিতি, NEET-এর সংজ্ঞা ও প্রেক্ষাপট, সম্ভাব্য উপকারভোগী শনাক্তকরণ ও নির্বাচন প্রক্রিয়া এবং বেনিফিশিয়ারি আইডেনটিফিকেশন টুল (বিআইটি) ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি EARN ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (IMS)-এর মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশন সম্পর্কে প্রশিক্ষণ ও হাতে-কলমে অনুশীলনের ব্যবস্থা ছিল।
প্রশিক্ষণ পর্বে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের পরিচালক কাজী মোখলেছুর রহমান। তিনি প্রশিক্ষণার্থীদের সার্বিক সাফল্য কামনা করার উদ্দেশ্যে বলেন, যুবসমাজের সামনে আমাদের প্রকল্প সম্পর্কে পর্যাপ্ত তথ্যগুলো সুষ্ঠুভাবে উপস্থাপন করতে হবে। আপনাদের অর্জিত জ্ঞানের উপযুক্ত প্রয়োগের ওপর আর্ন প্রকল্পের সাফল্য অনেকটাই নির্ভর করছে। প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত প্রকল্প পরিচালক ড. মেরীনা নাজনীন।
প্রশিক্ষণের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ, প্রশিক্ষণ কার্যক্রমের পরবর্তী ধাপ ও ইউজার সাপোর্ট এবং আইএএম প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানাতে ব্যবহারিক সেশন অনুষ্ঠিত হয়। এলজিইডির EARN এমআইএস সাপোর্ট সেলের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে উপকারভোগী শনাক্তকরণ ও নির্বাচনের কার্যক্রম আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে।